
লাকসাম প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজন, শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহে দিবসটি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
দিবসের সূচনা হয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মিনাল চাকমা, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, কৃষি কর্মকর্তা আল-আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ, প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণক চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ।
কুচকাওয়াজ শেষে প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। পরে মুক্তিযোদ্ধাদে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আলোচনা শেষে পুনরায় পুরস্কার বিতরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
দিবসটি ঘিরে লাকসামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।
