
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক লাইসেন্সধারী ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর (মসজিদ বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ আবু ইউসুফ (৫৮) মনোহরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন লাইসেন্সধারী ঠিকাদার। ২০২৫ সালে লক্ষণপুর বাজারে ড্রেন নির্মাণকাজ সরকারি বিধি অনুযায়ী পেয়ে কাজ করার সময় দিশাবন্ধ এলাকার মোঃ আরিফুর রহমানসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। পরবর্তীতে তার ছেলের কাছেও ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সবশেষ গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ১১টার দিকে মনোহরগঞ্জ উপজেলা মাঠ এলাকায় টেন্ডার সংক্রান্ত কাজে গেলে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মারধরের চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তাকে উপজেলা এলাকা থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী দাবি করেন, বর্তমানে অভিযুক্তরা তাকে ও তার ছেলেকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
