লাকসামে নির্বাচনী নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর মব কন্ট্রোল মহড়া

আইন-অপরাধ আরো করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লার লাকসামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিস্থিতিনির্ভর মব বা রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চারটি উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে লাকসাম উপজেলাকে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে লাকসাম ক্যাম্পের আওতাধীন দোগাইয়া আশ্রাফিয়া ইসলামীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় একটি কাল্পনিক পরিস্থিতির মাধ্যমে দেখানো হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হঠাৎ মিছিল করে এসে ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত ভোটারদের ওপর আতঙ্ক সৃষ্টি করে এবং হামলার চেষ্টা চালায়। এতে সাধারণ ভোটাররা ভীত হয়ে পড়লে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন।
সংবাদ পেয়ে পেট্রলরত সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিষ্ক্রিয় করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের সময় দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *