লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও এলাকার ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ে কুমিল্লার লাকসামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক নবাব ফয়েজুন্নেছা জমিদারবাড়ি জাদুঘরে এ আয়োজন করা হয়। লাকসাম সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস. রুবেলের সঞ্চালনায় সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন লাকসাম প্রেসক্লাবের উপদেষ্টা এম এস দোহা, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, লাকসাম সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, লাকসাম সিটি রানার গ্রুপের প্রতিনিধি আমজাদ হোসেন এবং স্মাইল ফাউন্ডেশনের কাজী রাসেলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সভায় লাকসামকে জেলা বাস্তবায়নের দাবিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জোরদার এবং নবাব ফয়েজুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তি দখলমুক্ত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লাকসামের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিডি ক্লিন লাকসাম, লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম সিটি রানার গ্রুপ, লাকসাম প্রেসক্লাব, রক্তের বাঁধন লাকসাম, ভিক্টোরি অব হিউমেনিটি, লাকসাম ব্লাড গ্রুপ, পশ্চিমগাঁও উন্নয়ন সংস্থা, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, দুপচর সঙ্গীত একাডেমি, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম, আশশিফা হিউমিনিটি ফাউন্ডেশন, স্মাইল ফাউন্ডেশন, লাকসাম নাট্যজংশন এবং লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন লাকসাম সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, সহসভাপতি লিটন সিংহ, সাংগঠনিক সম্পাদক ও ব্যান্ড শৈশবের সভাপতি রাকিব হোসেন, সৈয়দ মুজিবুর রহমান দুলালসহ স্থানীয় শিল্পীরা। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.