সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসামে ঘাতক কাভার্ডভ্যানের নির্মম চাপায় পিষ্ট হয়ে ইয়াসিন হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তরদা ইউনিয়নের বাটিয়াভিটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন হোসেন নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। তিনি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিজয়পুর শাখায় ফিল্ড অফিসার (মাঠ কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন ইয়াসিন। পথিমধ্যে বাটিয়াভিটা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁর মোটরসাইকেলটিকে জোরালো ধাক্কা দেয়। এতে তিনি তাৎক্ষণিক সড়কে ছিটকে পড়লে কাভার্ডভ্যানের পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চালুর পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.