সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও পারস্পরিক সম্প্রীতির সুদৃঢ় বন্ধনে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে আয়োজিত ঐতিহ্যবাহী 'দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, "সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্প্রীতিই আমাদের সমাজের অমূল্য শক্তি। সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
অনুষ্ঠানে মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১ কোটি টাকা ব্যয়ে একটি দুই তলা বিশিষ্ট ভবন নির্মাণের ঘোষণা দেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু সহ নেতা কর্মীরা। এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মগুরু, ভিক্ষুসংঘ ও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.