হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করতে জেলা পুলিশের বহরে যুক্ত করা হয়েছে আধুনিক বডি ওর্ণ ক্যামেরা।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালপুর জেলা পুলিশ লাইন ভেন্যুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদা খাতুন নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সদস্যদের ব্যবহৃত বডি ওর্ণ ক্যামেরার কার্যকারিতা এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণজনিত দক্ষতা (পারফরম্যান্স) পর্যবেক্ষণ করেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পরিধেয় এই ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষিত থাকবে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বডি ওর্ণ ক্যামেরার ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জামালপুর জেলা পুলিশ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.