সেলিম চৌধুরী হীরা:
আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লাকসাম পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
সমাবেশে এমপি আবুল কালাম বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না; শান্তি, শৃঙ্খলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তবে ‘আপা আসবে’ বলে দেশে নাশকতা চালালে তা মেনে নেওয়া হবে না।
সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কেউ নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরা ঘরে বসে থাকব না। অন্য কোথাও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে লাকসাম-মনোহরগঞ্জে ফিরতে চাইলে বাড়িতে আসার আগে হিসাব করে আসতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা যেকোনো উসকানি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.