সেলিম চৌধুরী হীরা:
কুমিল্লার লাকসাম উপজেলার তোরাব আলী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর এবং বিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম। শুক্রবার (২৭ নভেম্বর) তোরাব আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং দ্রুত তা সমাধানের দাবি জানানো হয়। বক্তব্যের জবাবে প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তোরাব আলী উচ্চ বিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি উত্থাপিত অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মুশু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজ মিয়া, ওয়ার্ড নেতা অহিদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.