সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা):
ঢাকা থেকে লাকসাম ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত সরাসরি দ্রুতগতির রেলওয়ে কর্ড লাইন তৈরি করা হবে। কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মেগা কর্মপরিকল্পনার সুসংবাদ দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আনন্দ শোভাযাত্রা, বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টুনসহযোগে মহাসমারোহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। লাকসাম পৌর অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক ছাত্র ও যুব সমাবেশে রূপ নেয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল হক মনুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন হাজী মো. আনোয়ারুল হক এবং বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভার ১০টি সাংগঠনিক এরিয়ার শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে এমপি আবুল কালাম যুবদলের গৌরবোজ্জ্বল রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্যের কথা স্মরণ করে নেতাকর্মীদের আদর্শিক চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সাথে লাকসামকে দক্ষিণঞ্চলের আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রধান কেন্দ্রে রূপান্তর করতে কর্ড লাইন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.