সেলিম চৌধুরী হীরা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জন নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনে মূল লড়াই সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লাকসাম ও মনোহরগঞ্জ দুই উপজেলায় মোট ভোট পড়েছে ৩ লাখ ৩ হাজার ২০৮টি। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এই আসনে কমপক্ষে ৩৭ হাজার ৯০১ ভোট প্রয়োজন ছিল জামানত রক্ষায়।
ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী মোঃ আবুল কালাম ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ছৈয়দ একে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৫৪ ভোট।
লাকসাম উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা এবং মনোহরগঞ্জ উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাড়া বাকি ৬ জন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন। জামানত হারানো প্রার্থীরা হলেন—
স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) সামিরা আজিম দোলা: ৩৬৪ ভোট।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী (চেয়ার প্রতীক) মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক: ৩,৮৯৫ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা প্রতীক) সেলিম মাহমুদ: ৭,৪৫৯ ভোট।
জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোঃ গোলাম মোস্তফা কামাল: ১,১৯৯ ভোট।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী (ছড়ি প্রতীক) মোঃ মিজানুর রহমান চৌধুরী: ১২৪ ভোট।
স্বতন্ত্র প্রার্থী (হাঁস প্রতীক) মোঃ আবুল কাশেম: ৩৩৩ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৭ হাজার ৩৬২ জন। প্রদত্ত ভোটের হার বিবেচনায় দেখা যায়, দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার বাইরে অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.