সেলিম চৌধুরী হীরা:
কুমিল্লা-৯ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন তিনি। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দীকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান চৌধুরী।
১% ভোটারে ত্রুটি থাকায় বিএনপির প্রার্থী মোঃ আবুল কালামের ছেলে স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, প্রয়াত সংসদ সদস্য কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ আবুল কাশেমের মনোনয়নপত্র বাতিল করা হয়। অসম্পূর্ণ হলফনামার কারণে খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান ও জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামালের মনোনয়নপত্রও বাতিল করেন জেলা প্রশাসক।
এ আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গণঅধিকার পরিষদের আব্দুল্লাহ হাসান, স্বতন্ত্র মোহাম্মদ আলী ও মোঃ নাছির উদ্দিন মজুমদারসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.